হবিগঞ্জের বৈকুণ্ঠপুর চা বাগানের ৪১৫ শ্রমিক ৪ মাস ধরে বেতন, রেশন ও চিকিৎসা সেবা পাচ্ছেন না। এ সবের দাবিতে ফুঁসে উঠছেন শ্রমিকরা। তাদের আন্দোলন দিন দিন বেগবান হয়ে উঠছে। আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার মহসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।
দুপুর দেড়টার দিকে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কের মাধবপুরে বিক্ষোভ মিছিল করে। এসময় মহাসড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরি, যুগ্ম সাধারণ সম্পাদক নিপেন পাল, লস্করপুর ভ্যালি সভাপতি অভিরত বাখক্তি, স্থানীয় জাগরণ যুবসংঘের সভাপতি মোহন রবিদাশ প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারে সাথে চা শ্রমিক নেতৃবৃন্দ সাক্ষাৎকরেন।
এ ব্যাপারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিপেল পাল জানান, শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজর জেলার শ্রীমঙ্গল উপজেলার সকল চা শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠক শেষে তাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, জেলার মাধপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯শ ৫৫ একক ভূমি নিয়ে বৈকুন্ঠি চা বাগান। এ বাগানে ৪১৫ জন শ্রমিক ও ৮জন স্টাফ নিয়ে বাগানের চা উৎপাদনের কাজ চলছিল। গত ৪ মাস ধরে বাগানের মালিকের অব্যবস্থাপনার কারণে চা বাগানের ৪১৫ জন শ্রমিক ও ৮জন স্টাফ নিয়মিত মজুরী, রেশন ঔষধ পাচ্ছেন না। ফলে বিনা চিকিৎসায় ও অনাহারে ৬ শ্রমিক মারা যান। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
এপিএইচ/