প্রতারক চক্রের ৪ বিদেশিসহ গ্রেফতার ৫

Narayanganj_Arrst

নারায়ণগঞ্জে এক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আন্তর্জাতিক প্রতারক চক্রের  চার বিদেশিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব । তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জাল ডলার তৈরির কাগজপত্রসহ অন্যান্য সামগ্রী।

র‌্যাবের দাবি, প্রতারক চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইমেইলে বিভিন্ন লোককে টার্গেট করে মোটা অংকের অনুদান দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই  পাঁচ জন ছাড়াও চক্রের আরও সদস্য সক্রিয় রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের আদমজিতে অবস্থিত র‌্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার বসুন্ধরা এলাকা থেকে র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, এএসপি আলেপ উদ্দিন ও এএসপি নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের এক নম্বর সড়কের ২৮১ নম্বর বাড়ি থেকে নাইজেরিয়ান নাগরিক ডেনিস ডেনিস ওকুদিরী ওরফে শেফ (৪০), অগাস্টিন ম্যাথিউ (৩৬), মারভিন ননসো ওজোমিয়া (৪১), ক্যামেরুনের নাগরিক ইফফা মিচিলিন ওরফে জারা (৩৫), এবং বড় মগবাজার ওয়্যারলেস গেইটস্থ ১৩৬ বিকন নুরজাহান টাওয়ারের বাসিন্দা আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপন (৪২) গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, এসজিটি এলেন হ্যারিং নামের একজন আমেরিকান (তার ভাষ্য মতে) নাগরিক তার স্বামীর গচ্ছিত অর্থসম্পদ তিনি কোনও দাতব্য প্রতিষ্ঠানে অথবা অনাথ, বিধবা ও গৃহহীনদের দান করার ইচ্ছা প্রকাশ করেন। বাংলাদেশের সোনারগাঁওয়ে অবস্থিত লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন কর্মকর্তা ইয়ামিন খানের সঙ্গে জোরপিয়া ডটকমের মাধ্যমে যোগাযোগ ও পরিচয় ঘটে। গত ৩০ জুলাই ব্রিটিশ ক্রাউন কোর্টের মাধ্যমে ইয়ামিন খানকে উক্ত সম্পদের পরবর্তী দাবিদার বা উত্তরাধিকার নির্বাচন করে উইল করেন।

এরপর ড. ওয়াল্টার স্মিথ নামের এক ব্যক্তি নিজেকে এলেন হ্যারিং এর প্রতিনিধি পরিচয় দিয়ে ইয়ামিন খানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ইয়ামিনকে প্রাথমিকভাবে ২৫০০ আমেরিকান ডলার পাঠাতে বললে, ইয়ামিন খান ১ লাখ ৯৫ হাজার টাকা আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপনের ব্যাংক একাউন্টে জমা দেন। এরপর স্মিথের প্রতিনিধি পরিচয় দিয়ে নাইজেরিয়ান নাগরিক অগাস্টিন ম্যাথিউ ইয়ামিন খানের সঙ্গে সোনারগাঁও জাদঘুরের সামনে দেখা করে বলেন, ব্রিফকেসে ৫ মিলিয়ন ইউএস ডলার রয়েছে। তবে ওই ডলারগুলো কেমিক্যাল ওয়াশের মাধ্যমে পরিষ্কার করতে হবে। নমুনা হিসেবে ৩টি কালো কাগজ ক্যামিক্যাল দিয়ে পরিষ্কার করেন। এই ক্যামিক্যাল শুধু আমেরিকা ও ইংল্যান্ডের অ্যাম্বাসিতে পাওয়া যায়। ওই ক্যামিক্যালের দাম ৮৫ হাজার ডলার। অগাস্টিন ম্যাথিউ ইয়ামিন খানকে ৮৫ হাজার ডলারের ব্যবস্থা করতে বলেন। কিন্তু ইয়ামিন খান অপারগতা প্রকাশ করলে ম্যাথিউ চলে যান। পরে ড. ওয়াল্টার স্মিথ ও ম্যাথিউ অগাস্টিন বারবার ইয়ামিন খানকে কল করে টাকা জোগাড় হয়েছে কিনা জানতে চান। এতে ইয়ামিন খানের সন্দেহ হলে গত ১৩ আগস্ট তিনি র্যাব-১১ কে অবহিত করেন। পরে র্যা বের পরামর্শে ইয়ামিন প্রতারক চক্রকে জানান, তিনি ৫ হাজার ডলারের ব্যবস্থা করেছেন। ১৭ আগস্ট বিকেলে অগাস্টিন ম্যাথিউ ব্রিফকেস সহ সোনারগাঁ জাদঘুরের সামনে আসলে র্যাব-১১ তাকে প্রচুর পরিমাণ জাল ডলার তৈরির  কাগজপত্র ও অন্যান্য সামগ্রিসহ গ্রেফতার  করে।

পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে অগাস্টিন প্রতারকচক্রের বাকি সদস্যদের পরিচয় প্রকাশ করে। এরপর র‌্যাব অভিযান চালিয়ে আরও ৩ বিদেশি নাগরিক ও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয়েছে একটি কালো রঙের ব্রিফকেসে রক্ষিত সাদা পাতলা পলিথিন দ্বারা মোড়ানো পাউডার মিশ্রিত ৩৬ বান্ডিল ডলার সাইজের কালো কাগজ (জাল ডলার তৈরির কাগজ ), ঘিয়ে রঙের ৪টি হ্যান্ডগ্ল্যাভস, সাদা রঙের তুলা দ্বারা নির্মিত চ্যাপ্টা আকারের একটি আবরণ (জাল ডলার তৈরির সামগ্রী)।

র‌্যাব জানায়, ওই চক্রের সক্রিয় সদস্য আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপনের চাচাতো ভাই গোপালগঞ্জের কোটালিপাড়ার পলোটানা এলাকার ফিটার বিশ্বাসের পুত্র পনুয়েল বিশ্বাস (২২), চাচাতো বোন কুসুম বিশ্বাস ৩২) ও বিদেশি নাগরিক ড. ওয়াল্টার স্মিথ পলাতক রয়েছে ।

এপিএইচ/