রাজবাড়ী প্রতিনিধি জানায়, বালিয়াকান্দিতে এইচএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রী মৌসুমী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মৃত মোসলেম মোল্লার মেয়ে।
মৌসুমী নারুয়া লিয়াকত আলী স্মৃতি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
চাচা আবু জাফর জানান, পরীক্ষার ফল পাওয়ার পর মৌসুমী বাড়িতে এসে খুব মন খারাপ করে ঘরের দরজা আটকে বসে ছিল। পরে তাকে ডাকাডাকির পর দরজা না খুললে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে মেয়েটি বসত ঘরের আড়ার সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
এদিকে নওগাঁর প্রতিনিধি জানায়, পরীক্ষায় ফেল করায় পত্নীতলা উপজেলার চক দুর্গাআইয়াম গ্রামে শান্ত রানী নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শান্ত রানী পত্নীতলা উপজেলার চক দুর্গাআইয়াম গ্রামের দুলাল চন্দ্রের মেয়ে। সে স্থানীয় নজিপুর সরকারি কলেজ থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।
পত্নীতলা থানার ওসি আজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে পরীক্ষার ফলাফল জানতে কলেজে যায় শান্ত রানী। ফলাফলে নিজের রোল না থাকায় বাড়ি ফিরে সে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
ঘটনা টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শান্ত রানীর মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ বিষয়ে রাত ৯ টায় পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
/এআর/