রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে না.গঞ্জে সমাবেশ

রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রতিবাদে সমাবেশবাগেরহাটের রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদী সমাবেশ করা হয়। বিকেল ৫টা হতে সাড়ে ৬টা পর্যন্ত প্রতিবাদী সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে শুধু বক্তব্য না, গানের মধ্যেও উঠে আসছিল প্রতীবাদী সুর, বজ্র্যকণ্ঠের আবৃত্তিতে শোনানো হয় প্রতিবাদের দৃপ্ত পঙতিগুলো। সবার কণ্ঠে ছিল একই সুর যে কোনও মূল্যে সুন্দরবন রক্ষা করে সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করতে হবে।

সমাবেশে আবৃত্তি করেন- ভবানী শংকর রায়, জিয়াউল ইসলাম কাজল ও আহমদ বাবলু। প্রতিবাদী গান পরিবেশন করেন, প্রদীপ ঘোষ বাবু, শাহীন মাহমুদ, সুজয় রায় চৌধুরী ও নূপুর সুলতানা।

সমাবেশের সভাপতি ও সংগঠনের জেলা আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে সরকার আজকে সকল জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। আজকে জনগণের প্রতি তারা কোনও দায় উপলব্ধি করে না। রামপাল প্রকল্পে সুবিধাভোগী সরকারের কিছু ব্যাক্তিবর্গ ও ভারতের স্বার্থান্বেষী মহল ছাড়া সকলেই সুন্দরবনে রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিপক্ষে। অথচ সরকার সকল মতামতকে উপেক্ষাকরে অনেকটা চুপিসারে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছে।

তিনি আরও বলেন, সরকার এদেশের পরিবেশবিদ-বিজ্ঞানী, প্রযুক্তিবিদ কারও মতামতকেই তোয়াক্কা না করে ভারতের কতিপয় বিজ্ঞানীর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেছে। গণদাবি উপেক্ষাকরে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে, সুন্দরবন ধ্বংসের অপরাধে এর সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে একদিন অবশ্যই যুদ্ধ অপরাধীদের মতো বিশেষ ট্রাইবুনাল করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

সমাবেশে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, খেলাঘর জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সংগঠক দুলাল সাহা, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সংগঠক জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন,  শহর সমস্বয়ক অঞ্জন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবু হাসান টিপু, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা প্রমুখ।

/এসএনএইচ/