সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত

খুলনাখুলনার দাকোপ থানা এলাকার সুন্দরবনের বাইনতলা এলাকায় বন্দুকযুদ্ধে সুমন (৩৫) নামে বনদস্যু নিহত হয়েছে।

শনিবার দুপুরে কোস্টগার্ড ও বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে সুমন গুলিবিদ্ধ হয়েছিল। রাত ৯টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এর আগে দুপুরে দস্যুদের সঙ্গে বন্দুকযদ্ধের পর ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরণের ১০টি অস্ত্র উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা রাহী আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে কোস্টগার্ড সদস্যরা দাকোপ থানা এলাকার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বাইনতলা এলাকায় অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কোস্টগার্ড সদস্যরাও বনদস্যুদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের এক পর্যায়ে ডাকাত দল পিছু হাটতে বাধ্য হয়। ডাকাত দল পিছু হটলে কোস্টর্গাড সদস্যা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমন নামে এক দস্যুকে উদ্ধার করে। এ সময়ে সেখান থেকে বিভিন্ন ধরনের ১০টি পাইপগান উদ্ধার করা হয়। পাশাপাশি দস্যুদের গ্রেফতারে কোস্টগার্ডের অভিযান চলতে থাকে। রাত ৯টার দিকে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ সুমনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. এম ফরিদুজ্জামান খান বলেন, সুন্দরবনে প্রায়ই ডাকাত দল জেলেদের অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কার্যকলাপ করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাইনতলা এলাকায় অভিযান চালান হয়। পরে বিকাল ৩টা থেকে র‌্যাব-৬ এর সহযোগিতায় অভিযান অব্যহত রাখা হয়।

তিনি আরও বলেন, দস্যুদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

/এসএনএইচ/