শাবির শিক্ষককে সাময়িক অব্যাহতি

nonameশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে দুই পথচারীকে গাড়ি চাপা দিয়ে মারার ফৌজদারী মামলায় এক শিক্ষককে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আরিফুল ইসলাম।
সোমবার শাবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সিন্ডিকেটের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
বিষয়টি জানার জন্য রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, এটা তোমাদের জানার দরকার কি? তার হাতে এ বিষয়ে কোনও কাগজ-পত্র না থাকার কথাও বলেন।
জানা যায়, চলতি বছরের গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তায় নিজের প্রাইভেট কার চালানো শেখতে আসেন প্রফেসর আরিফ। শেখার সময় সুনামগঞ্জের ছাতক ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শেখ আতাউর রহমান (৫৫) ও তার চাচা  গিয়াস উদ্দিন (৭০) কে গাড়ি চাপা দেন তিনি। এছাড়া এসময় আতাউর রহমানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সিলেট নগরীর দ্বীপ শিখা স্কুলের ছাত্রী রাহিবা রহমান(১৪) এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়।

মামলাটি এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে রয়েছে বলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি নিহত আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী রুমি দন্ডবিধি ২৭৯/৩৩৮-ক/ ৩০৪-খ ধারা অনুযায়ী দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর জখম ও মৃত্যু ঘটানোর অভিযোগ এনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এপিএইচ/

আরও পড়ুন:

‘দুই দিনেই ৫ জিবি ডাটা খেয়ে ফেলল গ্রামীণফোন ’