যশোরের চৌগাছায় দুর্বৃত্তদের হামলায় আব্দুল আলীম (২৪) নামে এক বিএনপি কর্মী খুন হয়েছেন। তিনি উপজেলার লস্কারপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
মঙ্গলবার গভীর রাতে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, অন্যদিনের মত মঙ্গলবার দিবাগত রাতেও গ্রামের ইসহাকের ছেলে শাহিন, ছায়েদ আলীর ছেলে অজিউল্লাহ, মোসলেমের ছেলে এনামুল, ইসমাইলের ছেলে শহিদুল ও মমিনুর, ইয়াদ আলীর ছেলে মতিয়ার ও মগরেব আলীর ছেলে হাসানের সঙ্গে লস্কারপুর বিল পাহারা দিচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বিল পাহারা শেষে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির অদূরে প্রাথমিক বিদ্যালয়ের পাশে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। রাত দেড়টার দিকে স্থানীয়রা তার গোঙানির শব্দ পেয়ে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনিসুরের ছেলে ইদ্রিস আলীর সঙ্গে নিহত আব্দুল আলীম ও তার চাচাতো ভাই ওসমানের বিরোধ ছিল। সম্প্রতি আনিসুর গ্রামে ফিরে বিভিন্ন স্থানে ঘোষণা দেন, ‘আলীম আমার ছেলেকে মেরেছিল; আমি তাকে মেরে ফেলব।’ এই বিরোধের জেরে আব্দুল আলীমকে খুন করা হয়েছে বলে তার মা বিলাপ করছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম জানিয়েছেন, আব্দুল আলীম তার দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। তারা পারিবারিকভাবেই বিএনপি করেন।
যোগাযোগ করা হলে চৌগাছা থানার ওসি এম মশিউর রহমান হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার কারণে তিনি খুন হয়েছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
এপিএইচ/
আরও পড়ুন: