প্রাপ্ত তথ্যে জানা যায়, তারিখ মাসুদের বাড়ির অংশ বিশেষ একই এলাকার আকবার মিস্ত্রির ছেলে মঞ্জুর রহমান দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় গত রবিবার (২৮ আগস্ট) সাতক্ষীরা আদালতে তিনি বাদী হয়ে ১৪৫ ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন, যার নং ৯৫১/১৬।
আদালত পিটিশনটি আমলে নিয়ে ওসি কালিগঞ্জকে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার এবং কালিগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তাকে ভূমির বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সোমবার তারিখ মাসুদ সাতক্ষীরা আদালতে এসে ওই আদেশের কপি হাতে নিয়ে বিকালে প্রথমে কালিগঞ্জ থানার ওসিকে পৌঁছে দেন। পরে তিনি উপজেলা ভূমি কর্মকর্তা শিমুল কুমার সাহার অফিস রুমে প্রবেশ করে আদেশের কপি দেন। এসময় অনুমতি না নিয়ে প্রবেশ করার অভিযোগে এসিল্যান্ড প্রথমে তারিখ মাসুদের সাথে দুর্ব্যবহার করেন ও পরে তাকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
তবে ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা বিনা অনুমতিতে তার অফিস রুমে প্রবেশের বিষয়টি অস্বীকার করে বলেন, তারিখ মাসুদ আমার রুমে ঢুকে একটি কাগজ দিয়ে তা জোরপূর্বক রিসিভ করানোর চেষ্টা করেন। পরে সরকারি কাজে বাধাদান ও দুর্ব্যবহার করার অভিযোগে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে সাজাপ্রাপ্ত তারিখ মাসুদের ভগ্নিপতি উপজেলার মহৎপুরের আব্দুস সালাম মোবাইল ফোনে জানান, আদালতের আদেশ নিয়ে ওই এসিল্যান্ড কর্মকর্তার অফিসে গেলে ‘অফিসিয়াল চিঠি’ হাতে হাতে কেন আনলেন এমন প্রশ্ন নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে তাকে সেখানেই আটক করে সাজা দেওয়া হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।
/এমএসএম/