হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে ছাত্রীদের অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকের পদত্যাগ দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
এর আগে গত মঙ্গলবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিন ও সহকারী আবাসিক শিক্ষিকা পাক নেহাদ বানুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রীরা। ছাত্র উপদেষ্টার কাছে তারা ২৫৬ ছাত্রীর স্বাক্ষরসহ লিখিত অভিযোগ দেন। ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান ছাত্রীদের দাবি পূরণের আশ্বাস দিলে ওই দিন তারা ফিরে যান।
ছাত্রীরা জানান, আশ্বাসের দুই দিনে কোনও অগ্রগতি না হওয়ায় তারা আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আবারও ছাত্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এ সময় ছাত্র উপদেষ্টা ছাত্রীদের সঙ্গে নানান টালবাহনা করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন আন্দোলরত শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন ছাত্রীরা। এ সময় ছাত্রীরা হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন অবস্থান কর্মসূচিতে এসে ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য তাদের প্রতিনিধিদের কার্যালয়ে ডেকে নেন।
ছাত্রীদের অভিযোগ, তাদের কোনও সমস্যা প্রাধ্যক্ষ বা আবাসিক শিক্ষিকাকে জানালে তারা তার সমাধান না করে দুর্ব্যবহার করেন। এমনকি  ছাত্রীদের হল ছেড়ে যেতে এবং পরিবার নিয়ে কটূক্তি করেন। এর আগে গণরুমে অতিথি কার্ড করার জন্য অনেক ভোগান্তি পোহাতে হয় তাদের। পরে কার্ড হলেও তা প্রদানে ইচ্ছাকৃতভাবে  দেরি করেন তারা। সিট থাকা সত্ত্বেও তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রীদের সিট দেওয়া হচ্ছে না। এছাড়া দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অভিযোগ করেন শিক্ষার্থীরা।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, এর আগে তাদের সমস্যাগুলোর বিষয়ে জানতাম না। শিক্ষার্থীরা তাদের অভিযোগ জানিয়েছেন। ধীরে ধীরে তাদের  সব সমস্যার সমাধান হবে।

/এমএসএম/