বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার পূবেরগাঁও গ্রামের আলাল উদ্দিনের মালিকানাধীন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পত্রিকার হকার কাউসার ভূঁইয়ার তিন ছেলের মধ্যে বাপ্পী দ্বিতীয়। সংসারে অভাব থাকায় বাপ্পী পড়াশুনার পাশাপাশি এলাকার বিভিন্ন পোলট্রি খামারের গাড়িতে মুরগি তুলে দেওয়ার কাজ করতো। মঙ্গলবার সন্ধ্যায় বাপ্পী পূবেরগাঁও এলাকার জনৈক ফেরদৌসি বেগমের পোলট্রি খামারে কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি। পরে আশপাশের এলাকা ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে বেলা এগারটার দিকে পূবেরগাঁও গ্রামের আলাল উদ্দিনের পুকুরে একটি বস্তা ভেসে উঠে। এতে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বস্তাটি উদ্ধার করলে ভেতরে মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন বাপ্পীর মরদেহ শনাক্ত করেন।
শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা বলেন, লাশের সুরতহালে দেখা গেছে, বাপ্পীর মুখে পলিথিন গুঁজে রাখা হয়েছে। মুরগির খাবারের বস্তায় লাশ ভরে তা ফেলে দেওয়া হয় পুকুরে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন,পুকুর থেকে বাপ্পীর বস্তা বন্দি মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
/এমএসএম/