রাঙামাটিতে বাস-সিএনজি খাদে, আহত ১৪

রাঙামাটি শহরে প্রবেশপথের রাঙামাটি বেতার এলাকায় পাহাড়িকা পরিবহনের একটি বাস খাদে পড়ে গিয়ে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ সময় বাসটির ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সাও খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। রবিবার বিকাল সাড়ে চারটায় এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা রাঙামাটি হাসপাতালে চিকিৎধীন রয়েছেন।

রাঙামাটিতে বাস খাদেবাসের আহত যাত্রীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা পরিবহনের যাত্রীবাহী বাসটি রেডিও স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাসহ পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় বাসের অন্তত ১৪ জন যাত্রী আহত হন। তবে বাসে ৩০জনের অধিক যাত্রী ছিল বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে রবি মোহন তঞ্চঙ্গ্যা (৭৫), জটিলা তঞ্চঙ্গ্যা (৬৫), যতীশ তঞ্চঙ্গ্যা (৪৮), মঞ্জু দেব (৫০), পূর্ণ বালা চাকমা (৪৫) এবং বিপ্লব ধরকে (৫০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা হলেন দীপন চাকমা, মঙ্গল দাশ, সানজিদা, মমতা চাকমা, ঝিনুক চাকমা, লায়লা, আবু কাউসার, জমির হোসেন প্রমুখ
বাসের আহত এক যাত্রী জানিয়েছেন, বাসটি রাউজান আসার পরেই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং চালককে তখন হেলপারের সাথেও বিষয়টি নিয়ে আলাপ করতে দেখা যায়। তবুও চালক সেই বাসটি চালিয়ে রাঙামাটি আসছিলেন। কিন্তু রেডিও স্টেশন এলাকায় একটি সিএনজিকে ধাক্কা দিয়ে সিএনজিসহ খাদে পড়ে যায়।
রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার এবং জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন হাসপাতালে আহতদের দেখতে গেছেন। রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগ ১৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।


এমএসএম/