বাস-লরি সংঘর্ষে ২ নারী নিহত, আহত ২৬

বগুড়াবগুড়ার শেরপুরের মির্জাপুর আমবাগান এলাকায় রবিবার গভীর রাতে যাতীবাহী বাস ও অ্যাংগেলবহনকারী লরি’র সংঘর্ষে দুই নারী নিহত এবং অন্তত ২৬ যাত্রী আহত হয়েছেন। আহতদের শেরপুর ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন, রংপুর সদরের পীরপুর আলমনগর এলাকার মৃত শমসের আলীর মেয়ে মোহনা (১৫) ও রংপুর সদরের রেজাউল ইসলামের স্ত্রী রওশন আরা (২৭)।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা ও পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস (চট্ট-মেট্রো-ব-১১-০২৯৬) রবিবার রাত সোয়া ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়ের মির্জাপুর আমবাগান এলাকায় পৌঁছে। এসময় বগুড়াগামী অ্যাংগেলবাহী ১৪ চাকার লরি পাশাপাশি অতিক্রম করছিল। লরিতে থাকা অ্যাংগেলের আঘাতে মোহনা নামে এক কিশোরী বাসযাত্রী  ঘটনাস্থলেই নিহত এবং অন্তত ২৭ জন আহত হন। এদের বগুড়া শজিমেক ও শেরপুরের হাসপাতালে ভর্তি করা হয়।সোমবার সকালে শজিমেক হাসপাতালে গৃহবধূ রওশন আরা মারা যান। দুর্ঘটনার পরপরই লরিটি পালিয়ে যায়। এসময় মহাসড়কে প্রায় ২০ মিনিট  যানবাহন চলাচল বিঘ্নিত হয়। দুর্ঘটনার সময় লরি থেকে অ্যাংগেল ছিটকে গিয়ে একটি সিএনজি অটো রিকশার ওপর পড়লে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির টিএসআই শাহ্ আলম জানান, ‘আহতদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক।’
এপিএইচ/
আরও পড়ুন: নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী