যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সন্ত্রাসী হামলায় নিহত কুমিল্লার তিতাসের আবুল কালাম রহিমের (৫৫) বাড়িতে গিয়ে চমৎকৃত হওয়ার মতো পরিচয় মিলেছে। জানা যায়, মুক্তিযুদ্ধের প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। উপজেলার বাতাকান্দি গ্রামের মৃত ছাদিরুজ্জামানের ছোট ছেলে কালাম ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ১২টায় লস অ্যাঞ্জেলসের শেরম্যান ওয়েতে অবস্থিত লিকোয়ার মার্টে সুপারশপ বন্ধ করার সময় দুই সন্ত্রাসীর গুলিতে নির্মমভাবে নিহত হন। প্রায় ১৬ বছর যাবৎ পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বাস করে আসছিলেন তিনি। তিন ভাই ও তিন বোনের মধ্যে আবুল কালাম ছিলেন সবার ছোট।
পরিবারসূত্রে জানা যায়, ১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন আবুল কালাম ওরফে আবদুর রহিম। আর বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক ছবিতে বঙ্গবন্ধুর গাড়ির ঠিক সামনে ন্যাড়া মাথার যে তরুণকে দেখা যায় তিনিই হলেন এ আবুল কালাম রহিম। স্বাধীনতাপরবর্তী সময়ে রেজা আলী প্রতিষ্ঠিত বিজ্ঞাপনি সংস্থা বিটপীতে আবুল কালাম যোগ দেন। সেখানে কাজের পাশাপাশি বাটাসহ একাধিক ব্র্যান্ডের মডেল হয়েছিলেন তিনি। এছাড়া একজন ফুটবলার হিসেবেও এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন আবুল কালাম। তার চাচা বাংলাদেশ টেলিভিশনের প্রথম চিফ ইঞ্জিনিয়ার খালেদ সালাহউদ্দিন আহমেদের সঙ্গেও বেশ কিছুদিন কাজ করেন বাংলাদেশ টেলিভিশনে। পরবর্তীতে জাপানে কয়েক বছর থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন তিনি।
কুমিল্লার তিতাসের বাতাকান্দির বাসিন্দা মরহুম ছাদিরুজ্জামানের তিন মেয়ে ও তিন ছেলেদের মধ্যে বড় নাদিরুজ্জামান, মেঝো আবদুল কাদিরুজ্জামান অনেক পূর্বেই মৃত্যুবরণ করেন। তিন মেয়ের মধ্যে বড় সালেহা আক্তার বর্তমানে তিতাসে আছেন। মেঝো হালিমা আক্তার আমেরিকা প্রবাসী। ছোট জাহানারা আক্তার চাঁদপুরের হাজিগঞ্জে স্বামীর সাথে বসবাস করছেন। আবুল কালাম রহিমের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। এক ছেলে ফাহিম কালাম, ছোট মেয়ে তৃষ্ণা কালাম ও স্ত্রী শেলী কালামকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। বড় মেয়ে সম্প্রতিক এমবিবিএস পাস ফাহমিদা কালাম পুতুল এবং মেজো মেয়ে আশা কালাম বর্তমানে ঢাকার খিলগাঁও বসবাস করছেন।
নিহতের চাচাতো ভাই আতিকুজ্জামান জানান, ছোটবেলা থেকেই আবুল কালাম ছিল নম্র, ভদ্র স্বভাবের। ঢাকা থেকে বাড়িতে আসলে সে সকল মুরুব্বিদের পা ছুঁয়ে সালাম করতো। সমবয়সীদের সাথে সারাক্ষণ ফুটবল আর আড্ডায় মেতে থাকতো। নিহতের খবর পেয়ে সকল আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আগামী সপ্তাহে নিহতের লাশ বাংলাদেশ এসে পৌঁছবে বলে পরিবারসূত্রে জানা গেছে। তাকে ঢাকা খিলগাঁও দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
/এইচকে/
পড়ুন: যুক্তরাষ্ট্রে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা