উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ফুলবাড়ী উপজেলাধীন তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন এবং ভূরুঙ্গামারী উপজেলাধীন তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরমধ্যে ফুলবাড়ী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভাঙ্গামোড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাশিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শিলখুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরও জানা যায়, ৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাচাই, ১৪ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৫ অক্টোবর প্রতীক বরাদ্দের পর এ ৬ ইউপিতে আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া সংশ্লিষ্ট ফুলবাড়ী, কাশিপুর ও ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ এবং ভুরুঙ্গামারী উপজেলার বিলুপ্ত ১০টি ছিটমহল সংশ্লিষ্ট পাথরডুবি, শিলখুড়ী ও ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার ২ হাজার ৫৬২ জন ও ভুরুঙ্গামারী উপজেলার সেউতি কুরশা, বড় গাঁওচুলকা, সাহেবগঞ্জসহ ১০টি বিলুপ্ত ছিটমহলের ১৯১ জন ভোটার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।
দীর্ঘ ৬৮ বছরের বন্দী জীবনের অবসান ঘটিয়ে গত বছরের ৩১ জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময়ের পর এবারই প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচনে ভোট দিতে পারবেন ছিটমহলের ভোটাররা।
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা ভোটার না হওয়ায় এ ৬টি ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল। বর্তমানে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আগামী ৩১ অক্টোবর তারা ভোট দিতে পারবেন।’
গত ৩ অক্টোবর ফুলবাড়ী উপজেলার অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছিটবাসীদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
/এসএনএইচ/