সুন্দরবনে র‌্যাব-বনদস্যু গোলাগুলি, অস্ত্রসহ আটক ২

সুন্দরবন থেকে আটক বনদস্যুরাসুন্দরবনের দাকোপ উপজেলা সংলগ্ন জোংড়া খাল এলাকায় র‌্যাব ও বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ দুই বনদস্যুকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮ সদস্যরা তাদের আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি একনলা বন্দুক, ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  আটক হওয়া দস্যুরা হলো- বাগেরহাটের রামপাল উপজেলার বিষাদনগরের (বর্তমান খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রাম) মো. আব্দুল হাকিম শেখের ছেলে মো. আজিজুল শেখ (২৬) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লক্ষীখালী গ্রামের মো. কাশেম গাজীর ছেলে মো. আবুল হোসেন (২৭)।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, ‘জাহাঙ্গীর বাহিনীর সম্ভাব্য আস্তানা শনাক্ত হওয়ায় র‌্যাবের একটি দল পশুর নদী দিয়ে অগ্রসর হতে থাকে। সকাল ৭টার দিকে জোংড়া খালের কাছাকাছি পৌঁছলে দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পরে র‌্যাবও  পাল্টা গুলি করে। প্রায় ৩০ মিনিট গুলি বিনিময়ের পর দস্যুরা গহীন বনে পালিয়ে যায় ।

তিনি আরও বলেন, ‘এ সময় কয়েকজন দস্যুকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় ২ জন দস্যু হাত উঁচু করে দাঁড়িয়ে যায়। তখন আভিযানিক দলটি তাদেরকে আটক করে। পরে তল্লাশী করে বনের মধ্য থেকে দস্যুদের ব্যবহৃত ২টি দেশি একনলা বন্দুক, বন্দুকের কার্তুজ, ৯ রাউন্ড, ফায়ার করা কার্তুজের খোসা ৫টি, ২টি মোবাইল, ৩টি সিম এবং ১টি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়।’

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের খুলনার দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আদনান কবির।

/এসএনএইচ/