নব্য জেএমবির মূল অর্থদাতা আব্দুর রহমান আহতাবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও সংসদ সদস্য এনামুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুর রহমান রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়ায় একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির ৫ তলার গ্রিল কেটে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আব্দুর রহমান। এসময় সে গুরুতর আহত হলে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।
এছাড়া রাত ন’টার দিকে ওই বাড়ি থেকে আব্দুর রহমানের রহমানের স্ত্রী শাহনাজ আক্তার রুমি ও বাড়ির নিরাপত্তাকর্মী তারেককে আটক এবং একটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড গুলি, নগদ ৩০ লাখ টাকা, ৫টি ছুরিসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার বসুন্ধরাটেক এলাকার আমির মৃধা শাহিনের বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ ।
র্যাব সূত্র জানান, প্রায় দুবছর ধরে জঙ্গি আব্দুর রহমানকে অনুসরণ করে আসছিলেন র্যাব সদস্যরা। আব্দুর রহমান কয়েক দিন পর পর বিভিন্ন এলাকায় বাসা পরিবর্তন করায় তাকে গ্রেফতার করতে বিলম্ব হয়েছে। শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে র্যাবের একটি দল আশুলিয়ার বসুন্ধরাটেক এলাকার আমির মৃধা শাহিনের বাড়িতে এই অভিযান চালায়।
এপিএইচ/
আরও পড়ুন: