বগুড়ায় ১১৪০ কেজি চালসহ ভটভটি চালক আটক

বগুড়াবগুড়ার গাবতলী থানা পুলিশ শনিবার সন্ধ্যার দিকে দাঁড়াইল বাজার এলাকা থেকে ভটভটি বোঝাই ১১৪০ কেজি চালসহ চালক বাবুল হোসেনকে আটক করেছে। ধারণা করা হচ্ছে, এই চাল কার্ডধারী দুস্থদের কাছ থেকে কেনা হয়েছে। রাত পৌনে ৮টায় এ খবর পাঠানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে ছিলেন।
গাবতলী থানার এএসআই  মাহবুব হোসেন জানান, ‘শনিবার সন্ধ্যার দিকে উপজেলার দাঁড়াইল বাজার এলাকা থেকে ভটভটি বোঝাই ২৩ বস্তা চাল উদ্ধার ও চালক ফুলবাড়ি দক্ষিণপাড়ার পিন্টু মিয়ার ছেলে বাবুল হোসেনকে আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘জনৈক কামাল পাশা চালের বস্তাগুলো গাবতলী পুরানবাজার এলাকার মেসার্স জেকে কৃষি কল্যাণ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পাঠান। ভটভটি চালকের কাছে থাকা একটি চিরকুটে মোবাইল ফোন নম্বর ও ২৩ বস্তায় মোট ১১৪০ কেজি চাল থাকার কথা উল্লেখ করা হয়েছে। চাল ও ভটভটি গাবতলী থানায় রয়েছে।’
গাবতলী থানার ওসি শাহীদ মাহমুদ খান দুস্থদের চাল জব্দের সত্যতা নিশ্চিত করলেও কাউকে আটক করার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘রবিবার সকালে এ ব্যাপারে তদন্ত করা হবে।’
শনিবার রাত পৌনে ৮টায় গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আহসান হাবিব জানান, ‘কার্ডধারীরা চালগুলো বিক্রি করে দিয়েছেন। পুলিশ ওই চাল আটক করেছে।’ তিনি জানান, ‘চালের ক্রেতাকে খোঁজা হচ্ছে। তাকে পেলে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হবে। এর সাথে ডিলারের সম্পৃক্ততা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে।’

এপিএইচ/