কর্তৃপক্ষের অবহেলায় আশুলিয়ার কারখানায় শ্রমিকের মৃত্যু

আশুলিয়াআশুলিয়ায় একটি পোশাক কারখানায় কর্তৃপক্ষের অবহেলায় তাসলিমা (২৩) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া জামগড়ার বেরন এলাকার উইন্ডি গ্রুপ লিমিটেড নামক কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করলে ওই দিনের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিক সূত্র জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে নারী শ্রমিক তাসলিমা উইন্ডি গ্রুপের একটি কারখানার ভেতরে কাজ শুরু করেন। পরে দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কারখানার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ছুটি দেওয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা। তবে কারখানার লাইন চিফ আলম মিয়া ওই নারী শ্রমিককে ছুটি না দিয়ে কাজ শুরু করার জন্য নির্দেশ দেয়। এর কিছু সময় পরই কারখানার ভেতরে গুরুত্বর অসুস্থ হয়ে নারী শ্রমিক তসলিমা ঢলে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পাশের নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে কর্তৃপক্ষের অবহেলার নারী শমিকের মৃত্যুর খবর কারখানার ভেতরে ছড়িয়ে পড়লে ওই কারখানার সকল শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কর্তৃপক্ষ  বৃহস্পতিবারের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের কারখানা থেকে বের করে দিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

সুমন ও নাসরিনসহ একাধিক কারখানার শ্রমিক অভিযোগ করে বাংলা ট্রিবিউনকে বলেন, উইন্ডি কারখানার ভেতরে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ তাদেরকে ছুটি দেয় না। এছাড়াও গত কয়েক মাস আগে ছুটি না দেওয়ায় সুফিয়া নামের এক নারী শ্রমিকের মৃত সন্তান প্রসব করেছে।

এব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চত করে বলেন, শ্রমিকের মৃত্যু ও বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও তিনি জানান।

/এইচকে/আপ-এসএনএইচ/