জেএমবির নারী কমান্ডার আকলিমা ৩ দিনের রিমান্ডে

জেএমবির আত্মঘাতী নারী ইউনিটের কমান্ডার আকলিমাসিরাজগঞ্জে ডিবির হাতে আটক নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)- এর আত্মঘাতী ইউনিটের নারী কমান্ডার আকলিমা খাতুন ওরফে আছিয়ার  তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শুনানি শেষে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পরিদর্শক মো. শহিদুল্লাহ রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আকলিমা কাজীপুর উপজেলার বরইতলা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের মেয়ে এবং মনসুর আলী সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী।
গত শনিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে আকলিমাকে সদর উপজেলার কড্ডার মোড় থেকে আটক করে ডিবি পুলিশ। গাজীপুরে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে নিহত জেএমবির সামরিক কমান্ডার ফরিদুল ইসলাম আকাশের মা ফুলেরা বেগম, দু’বোন শাকিলা ও ছালমা খাতুন এবং প্রতিবেশী ভ্যানচালক রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া গত ৫ সেপ্টেম্বর ডিবির হাতে আটক হয়। আদালতে দেওয়া তাদের স্বীকারোক্তিতে  জেএমবির সঙ্গে আকলিমার সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। আকলিমাসহ আটক অপর পাঁচ নারীও জেএমবির আত্মঘাতী ইউনিটের সদস্য। নিহত জঙ্গি ফরিদুল ইসলাম  আকাশের মাধ্যমে তারা সবাই জেএমবির সঙ্গে সম্পৃক্ত হয়েছে বলে ডিবির ওসি মো. ওয়াহেদুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান।
এপিএইচ/