ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের নিতাই বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে সোনাগাজী বাজারের জিরো পয়েন্টে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাগাজী শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মন্দির কমিটির সভাপতি অনিল দাশ বাংলাট্রিবিউনকে জানান, ‘অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরের দরজার ফাঁক দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে দরজার নিচের চৌকাঠের সামান্য অংশ পুড়ে যায়। সকালে পূর্ণার্থীরা মন্দিরে পূজা দিতে গেলে বিষয়টি তাদের নজরে আসে। মডেল থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’
তিনি আরও জানান, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের আগেও একই কায়দায় মন্দিরটিতে আগুন দেওয়া হয়েছিল।’
বিষয়টি তদারকির জন্য শুক্রবার দুপুরে ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, ঘটনাটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। এব্যাপারে মন্দির কর্তৃপক্ষ থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে একটি মামলা দায়ের করেছে।’
এপিএইচ/