কুমিল্লা-চট্টগ্রাম-বরিশালে জেএসসি, সারা দেশে জেডিসি পরীক্ষা স্থগিত

জেএসসি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ  রবিবার কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল শিক্ষাবোর্ডের জেএসসি ও সারা দেশে জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার রাত ১২টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল খালেক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর ফলে রবিবার কুমিল্লা,চট্টগ্রাম ও বরিশাল বোর্ডে জেএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা গ্রহণ বন্ধ থাকবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল খালেক জানান, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার রাত ১০টার দিকে শিক্ষাবোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১২ নভেম্বর শনিবার স্থগিত বিষয়ের পরীক্ষা নেওয়ার জন্য আন্তঃবোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমানের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন চলমান জেডিসির রবিবারের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা ১৯ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এপিএইচ/