নাসিরনগরে সহিংসতার ঘটনা সুপরিকল্পিত: সেক্টরস কমান্ডারস ফোরাম

নাসিরনগরে সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলার ঘটনা সুপরিকল্পিত বলে মন্তব্য করেছেন সেক্টরস কমান্ডারস ফোরামের নেতারা। সোমবার বিকেল ৩টার দিকে নাসিরনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এর আগে দুপুরে ফোরামের নেতারা নাসিরনগরে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেন।

সংবাদ সম্মেলনে ফোরামের মহাসচিব হারুন হাবিব এক লিখিত বক্তব্যে বলেন, ‘দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে।’ এসময় ফোরামের নেতারা ক্ষতিগ্রস্তদের পূর্ণনিরাপত্তা দেওয়ারও দাবি জানান।

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায় এই হামলায় তাদের ইন্ধন রয়েছে। এর আগে রামু ও উখিয়াতেও একই ঘটনা ঘটেছে।’

সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে. এম শফিউল্লাহ বীর উত্তম, মহাসচিব হারুন হাবিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ বক্তব্য রাখেন। ১৫ সদস্যের ওই দলে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন, দফতর সম্পাদক মেজর (অব.) শেখ দলিল উদ্দিন আহমেদ ও প্রচার সম্পাদক তুষার আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/টিএন/