টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও আ.লীগ নেতাদের শ্রদ্ধা নিবেদন

৮ম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার দুপর ১২ টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় আওয়ামী লীগের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধি সৌধের বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বাদ জোহর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দুপুর ২টায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী সংসদের যৌথসভা অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

/এমডিপি/টিএন/