কালীগঞ্জে এমপি আনার হত্যা চেষ্টাকারীদের বিচার দাবি

এমপি আনার হত্যা চেষ্টাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার হত্যা চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে দলের নেতারা।  বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান নেতারা। নলডাঙ্গা ভুষণ হাইস্কুল রোডস্থ দলীয় কার্যালয়ের সমনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মেইন বাসটার্মিনালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা  ও উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দীন আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করীম রেজা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রায়গ্রাম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলী হোসেন অপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইসরাইল হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রীমহল আজ ঈর্ষান্বিত হয়ে কালীগঞ্জের জনপ্রিয় নেতা আনোয়ারুল আজীম আনার এমপিকে হত্যা চেষ্টা করেছিল। কিন্তু তাতে তারা সফল হয়নি। ইতোমধ্যে প্রশাসন তাদের দু’জনে গ্রেফতার করেছে। এছাড়া অবিলম্বে হত্যা প্রচেষ্টার অন্তরালে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

গত ২ নভেম্বর রাতে ১৫ লাখ টাকা চুক্তিতে ৮ দুর্বৃত্ত এমপি আনোয়ারুল আজীম আনার কে হত্যার প্রচেষ্টা চালিয়েছিল। সে সময় জনতা আবু সাঈদ নামের একজনকে হাতে নাতে ধরলেও অন্যরা পালিয়ে যায়। পরে তার স্বীকারোক্তিতে হরিণাকুণ্ডু থেকে কাওছার আলী নামের আরও এক জনকে গ্রেফতার করে পুলিশ।

/এসএনএইচ/