আসামি ছিনতাইয়ের সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হকের ডান হাতে জখম হয়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, জমি সংক্রান্ত দ্বন্দ্বের ঘটনায় সাদুল্লাপুর থানায় করা একটি মামলার আসামি হাছেন আলী (৬০) ও তার ছেলে লাইচ (৩৬)। তাদেরকে গ্রেফতার করতে শনিবার সন্ধ্যায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মমিনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে হাছেন আলীকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পড়ানো হয়। এ সময় তার ছেলে লাইচ ও বাড়িতে থাকা নারীরা হাছেন আলীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে লাইচ ধারালো দা দিয়ে তার ডান হাতে আঘাত করে তার বাবা হাছেন আলীকে নিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের পেছনে ছুটেও অন্ধকার নেমে আসায় আটক করা সম্ভব হয়নি।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম ওই এলাকায় অভিযান চালাচ্ছে।
/এমপি/