খুলনা-কলকাতা রুটের উদ্বোধন আগামী বছরের শুরুতেই

নির্মাণাধীন আধুনিক রেলস্টেশনের কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে

খুলনায় নির্মাণাধীন আধুনিক রেলস্টেশন ও খুলনা-কলকাতা রুটের উদ্বোধনের জন্য নতুন বছরের ১৫ জানুয়ারি সম্ভাব্য দিন হিসেবে রাখা হয়েছে। এ জন্য খুলনার পাশাপাশি বেনাপোলেও উন্নয়নমূলক কাজসহ সার্বিক প্রস্তুতি চলছে। খুলনা আধুনিক রেলস্টেশনের ৭৫ ভাগ নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা যায়। বাকি ২৫ ভাগ কাজ আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসী বাংলা ট্রিবিউনকে জানান, খুলনার আধুনিক রেলস্টেশন থেকেই খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু করবে। আধুনিক স্টেশন উদ্বোধনের দিন থেকেই এই রুট চালু করার পরিকল্পনা রয়েছে। এ জন্য সম্ভাব্য দিন হিসেবে ১৫ জানুযারিকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা ও প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

প্রথমে খুলনা কলকাতা রুট চালু এবং আধুনিক রেলস্টেশনের উদ্বোধনের জন্য ১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ওই সময় প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজটি সস্পন্ন করতে আরও কিছুদিন লাগবে। তাই সম্ভাব্য দিন হিসেবে ১৫ জানুয়ারিকেই বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি আরও জানান, কলকাতা রুটে ট্রেন চালু করার জন্য বেনাপোলে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। সেখানে প্লাটফর্ম, যাত্রী হল, নিরাপত্তায় জিআরপি ও কাস্টমস হাউজ নির্মাণের কাজ চলছে। সব প্রস্তুতি শেষ করেই খুলনা-কলকাতার নতুন  রুট চালু করা হবে।

খুলনা আধুনিক রেল স্টেশনের নির্মাণ প্রকল্প কর্মকর্তা সহকারী প্রকৌশলী বীরবল মণ্ডল বলেন, ৫৫ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে খুলনার আধুনিক স্টেশনের নির্মাণ করা হলেও শেষ পর্যন্ত ৪-৫ শতাংশ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তমা কনস্ট্রাকশন এই নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে।

তিনি বলেন, ৩ ধাপে শুরু হওয়া রেল স্টেশনের নির্মাণ কাজ একসঙ্গে সম্পন্ন করতে পুরো দমে কাজ চলছে। আগামী ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। তবে, চূড়ান্তভাবে কাজ শেষ হতে আরও সপ্তাহখানেকের অতিরিক্ত সময় লাগতে পারে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই নির্মাণাধীন আধুনিক স্টেশনের মূল ভবনের তিন তলার কাজ শেষ হয়েছে। এখন এর সাইড ওয়াল, পার্টিশন, ফিটিংস ও রং এর কাজ বাকি রয়েছে।

মূল স্টেশনের সামনে প্রবেশ পথে যশোর রোডের গা ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। শত বছরের পুরানো লোকো সেডটি (রেলওয়ে ইঞ্জিনের সংস্কারখানা) গত ২৫ অক্টোবর স্থানান্তরিত হয়েছে। ২ ও ৩ নং প্লাটফর্মের কাজ সম্পন্নের পথে। বর্তমানে ১ নং প্লটিফর্ম এর কাজে পুরোদমেই চলছে।

/এইচকে/