চট্টগ্রামে নিজ বাসায় ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ

দিয়াজ ইরফান চৌধুরী চট্টগ্রামে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী (২৫)। রবিবার রাত ১০টার দিকে নিজ বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দিয়াজকে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে দিয়াজের মৃত্যুর খবর ক্যাম্পাসে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা দিয়াজের ‍বাসার আশপাশে ভিড় জমায়।

হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল মোহাম্মদ জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পৌঁছলে বিষয়টি পরিস্কার হবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিয়াজ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রুমে ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলে থাকতে দেখা গেছে বলে আমি শুনেছি। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা আমার কাছে রহস্যজনক।’

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। পরে পুলিশ রুমের আশপাশ থেকে সবাইকে সরিয়ে দিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করছে।

/এসএনএইচ/