জামিনে থাকা চেয়ারম্যান বেলায়েত হোসেন মঙ্গলবার আদালতে হাজিরা দিতে আসেন। পরে দুর্নীতি দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান কাস্টরি ওয়ারেন্ট বলে তাকে জেল হাজতে পাঠান। আগামী ২৮ নভেম্বর এই মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সনে বেলায়েত হোসেন জিয়নপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য ছিলেন। ওই সময় আমতলী বাজারের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির প্রকল্পের আওতায় মাটি ভরাটের জন্য ২০ টন গম বরাদ্দ হয়। প্রকল্পের সভাপতি করা হয় বেলায়েত হোসেনকে আর সাধারণ সম্পাদক করা হয় একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল কুদ্দুসকে। কাজ না করে ভুয়া মাস্টার রোল ও সাধারণ সম্পাদকের সই জাল করার অভিযোগ এনে আব্দুল কুদ্দুস দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ করেন। ওই অভিযোগের বিষয়ে তদন্ত করে দুদক ২০০৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা হওয়ার পর বেলায়েত হোসেন আদালত থেকে জামিন নিয়ে ইউপি সদস্য থেকে গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জিয়নপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
/এসএনএইচ/