বগুড়ার গাবতলীর খলিশাকুড়া এলাকায় বুধবার সকালে সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলি সেতু ধসে একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। গাবতলী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রামকৃষ্ণ বর্মণ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
সেতু ধসে যাওয়ায় বগুড়া সদরের সঙ্গে তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানা যায়। এতে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অবিলম্বে সেতুটি মেরামত করতে সংশ্লিষ্ট বিভাগে হস্তক্ষেপ কামনা করেছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রড, সিমেন্ট ও ইটবাহী ট্রাকগুলো অবাধে চলাচল করায় বগুড়া-সারিয়াকান্দি সড়কের গাবতলীর খলিশাকুড়া এলাকায় বেইলি সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এরপরও ভারী যানবাহন চলাচল অব্যাহত ছিল। বগুড়া ছেড়ে আসা সারিয়াকান্দিগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৯৩৯) বুধবার সকাল সাড়ে ৬টার দিকে একটি দ্রুত গতিসম্পন্ন মোটরসাইকেলকে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। তখন সেতুর পাটাতন ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। ওই মোটরসাইকেলে থাকা একই পরিবারের নারী-শিশুসহ তিন সদস্য পানিতে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এদিকে বেইলি সেতুটি ধসে পড়ায় বগুড়া সদরের সাথে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত সেতু মেরামত কাজ শুরু হয়। সব যানবাহন ১০ থেকে ২০ কিলোমিটার বিকল্প পথ ঘুরে গন্তব্যে যাচ্ছেন। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১৯৮৮ সালের বন্যায় সড়ক ধসে গেলে খলিশাকুড়া এলাকায় ওই বেইলি সেতু স্থাপন করা হয়েছিল। গাবতলী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রামকৃষ্ণ বর্মণ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দ্রুত সেতুটি মেরামত করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে।
/এইচকে/