ফেনীতে এমপি’র বাধায় সাইক্লোন শেল্টারের কাজ বন্ধ, বিশ্বব্যাংক প্রতিনিধি আহত

feni ciclon center picফেনীর সোনাগাজীতে বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ দুজনের ওপর হামলা চালিয়ে সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাজি রহিম উল্যাহ। ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তিনি। তবে কাজ বন্ধের কথা জানালেও হামলার বিষয়টি অস্বীকার করেছেন ওই সংসদ সদস্য। শনিবার দুপুরে সোনাগাজী উপজেলার মতিগঞ্জের কাশ্মির বাজার নামকস্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিশ্বব্যাংক প্রতিনিধি মো. মোহসিন ও প্রকৌশলী গোলাম রাব্বানী। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

সোনাগাজী মডেল থানার ডিউটি অফিসার এস আই ডালিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

feni 01 (1)সাইক্লোন শেল্টার নির্মাণকারী প্রতিষ্ঠান এসএসএআই জয়েন্ট ভেনচারের সত্ত্বাধিকারী প্রকৌশলী দিপংকর বণিক অভিযোগ করে বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের তত্ত্বাবধানে সাইক্লোন শেল্টারটি নির্মাণ কাজের শুরুতে সংসদ সদস্য রহিম উল্যাহ একটি বড় অংকের চাঁদা দাবি করেছিলেন। পরবর্তীতে ওই কাজ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। কিন্তু স্থানীয় এই সংসদ সদস্যের খায়েশ তাতেও মেটেনি। তিনি আবারও তাকে দিয়ে সাইক্লোন শেল্টারটি উদ্বোধন করার জন্য বিশ্ব ব্যাংকের প্রকৌশলী ও ঠিকাদারদের চাপ দেন। কিন্তু, এ ধরনের অনৈতিক কাজে তারা সম্মত না হওয়ায় ওই সংসদ সদস্য শনিবার দলবল নিয়ে এই হামলা চালায়।

হামলায় বিশ্বব্যাংক প্রতিনিধি ও এই কাজে নিয়োজিত সুপার ভাইজার প্রকৌশলীসহ বেশ কয়েকজন আহত হন। বর্তমানে সাইক্লোন শেল্টারটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

তবে হাজি রহিম উল্যাহ হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সাইক্লোন শেল্টারটি নির্মাণ করার অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।এরপরও নিম্নমানের কাজ চালিয়ে যাওয়ায় শনিবার সরেজমিনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

নির্মাণকারী প্রতিষ্ঠানের ম্যানেজার রতন বণিক বাংলা ট্রিবিউনকে জানান, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এই উপজেলায় ৭টি সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজ চলছে।

/এমডিপি/টিএন/