নেত্রকোনায় প্রতিমা ভাঙচুর

নেত্রকোনায় ভাঙচুর হওয়া কালী প্রতিমানেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ওই মন্দিরে প্রতিষ্ঠিত কালী ও শিবের প্রতিমাসহ তিনটি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনায় কাউকে আটকও করা হয়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ রবিবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ময়মনসিংহরোহী গ্রামের কালী মন্দিরের দরজা খোলা দেখতে পায় স্থানীয়রা। মন্দিরে ঢুকলে একটি প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া আরও দুইটি প্রতিমা মন্দির থেকে প্রায় ৩শ গজ দূরে জমিতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।
নেত্রকোনা সদর থানার ওসি (তদন্ত ) শাহনূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্দিরটির দরজায় তালা ছিল না। কে বা কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’
খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেত্রকোনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে জানান।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’ কোনো চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এমন কাজ করে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন-





দিনাজপুরে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে অগ্নিসংযোগ

 

/টিআর/