সন্ত্রাসী হামলায় ছাত্রদলের তিন নেতা গুরুতর আহত

খাগড়াছড়িখাগড়াছড়ি শহরের মুসলিমপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় স্থানীয় ছাত্রদলের তিন নেতা গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম ভূইয়া (আসাদ) জানান, রবিবার রাতে মুসলিমপাড়া থেকে শহরে আসার পথে সন্ত্রাসী মো. দেলোয়ার হোসেন, মনির হোসেন ও আবুল কাশেমের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল সভাপতি আনিছুল আলম অনিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম পারভেজের গতিরোধ করে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠান।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত বা তাদের আত্মীয়-স্বজন মামলা করলে মামলা নেওয়া হবে। আসামিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এমপি/