দিনাজপুরে বয়লার বিস্ফোরণে আহতদের একজনের মৃত্যু

দিনাজপুরদিনাজপুরের রাণীগঞ্জে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে আহত চার জনের মধ্যে গোলজার হোসেন (৪০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দিনাজপুরের সদর উপজেলার ফাজিলপুর এলাকার খোকা মিয়ার ছেলে।

মঙ্গলবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

জানা গেছে, আহত অপর তিন জনকে দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- দিনাজপুরের সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ফাজিলপুর এলাকার রোস্তম আলীর ছেলে গেদা ও একই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম। তাদের প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অংশ গরম পানিতে ঝলসে গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রানীগঞ্জ বাজারের তৌহিদুল ইসলামের ওই হাসকিং মিলে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে চারজন শ্রমিক গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গোলজার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/এসএনএইচ/