পন্টুনের র‌্যাম ভেঙে পড়ায় লক্ষ্মীপুর-ভোলা ফেরি চলাচল বন্ধ

ফেরিঘাটে ভেঙে পড়া পন্টুনের র‌্যামলক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক ওঠার সময় বিআইডব্লিউটিএ’র পন্টুনের র‌্যাম ভেঙে যাওয়ায় লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
এতে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগের মুখে পড়েছেন নারী ও শিশুসহ শত-শত যাত্রী।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, বুধবার বিকালে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা লবণ ও হলুদ বহনকারী একটি ট্রাক ফেরিতে ওঠার সময় র‌্যামটি ভেঙে পড়ে। এতে করে ফেরিঘাট অচল হয়ে পড়ে। লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে চলাচল বন্ধ হয়ে যায়।
ফেরিঘাটে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। একইসঙ্গে ৫টি গাড়ি নিয়ে কনকচাঁপা ফেরিও আটকা পড়েছে।
আটকা পড়া ফেরি কনকচাঁপার ভারপ্রাপ্ত মাস্টার আব্দুল সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই পন্টুনে অন্য একটি র‌্যাম না স্থাপন করা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।’
বিআইডব্লিউটিএ’র লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটের পন্টুনের দায়িত্বে থাকা লস্কর আবুল হাসেম বলেন, ‘র‌্যাম আনার জন্য বলা হয়েছে। দ্রুত তা স্থাপনের চেষ্টা চলছে।’
রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও নতুন পন্টুন স্থাপন করা সম্ভব হয়নি।

 

/টিআর/