বাগেরহাটে পুকুর থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

বাগেরহাটবাগেরহাটের রামপাল উপজেলার রনসেন পুরাতন বরফকল সংলগ্ন একটি পুকুর থেকে শনিবার বিকেলে আলমগীর হোসেন (২০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমগীর ঝনঝনিয়া মালিডাঙ্গা এলাকার মোশাররফ হোসেনের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।
নিহতের পিতা মোশাররফ হোসেন জানান, বৃস্পতিবার সন্ধ্যা ৭ টায় ব্যবসার কাজ শেষে  ভাগা এলাকা থেকে আলমগীর একটি  মোটরসাইকেলে করে  বের হয়। রাত ৯ টায় তার মোবাইলে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।  খোঁজাখুঁজির একপর্যায়ে মোটরসাইকেল চালক ও নিহতের বন্ধু পলাশ জানায়, আলমগীরকে তার মামা পারগোবিন্দপুর এলাকার হায়দার শেখের  বাড়িতে নামিয়ে দিয়ে এসেছে।
নিহতের পিতা মোশাররফ হোসেন জানান, ছেলেকে কোথাও না পেয়ে তিনি  শুক্রবার রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিহতের চাচাতো ভাই গ্রাম পুলিশ হুমায়ূন কবির বলেন, খোঁজাখুঁজির  এক পর্যায়ে শনিবার বিকেলে  হায়দার শেখের একটি পুকুরে আলমগীরের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হানপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ  চেষ্টা চালাচ্ছে।
/এপিএইচ/