শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ

জাবিতে বিক্ষোভআশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে আটক শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।  মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নতুন কলা ও মানবিক অনুষদ ভবনের পাশে মুরাদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হন তারা।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা অত্যন্ত যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। অথচ আন্দোলন দমানোর জন্য মালিকরা একজোট হয়ে অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দিয়েছে। ন্যায্য মজুরি শ্রমিকদের অধিকার। এটা কেড়ে নেওয়ার অধিকার মালিকদের নেই।

সরকারের সহযোগিতায় মালিকরা এই অন্যায় চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাবেক সভাপতি ও বর্তমান সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সৌমিত্র কুমার দাসসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

বক্তারা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, সৌমিত্র কুমারসহ নিখোঁজ শ্রমিক নেতাদের অবিলম্বে সন্ধান দেওয়া না হলে এই আন্দোলন আর কারখানায় আটকে থাকবে না। বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়বে। তা মালিকদের মদদ দানকারী ক্ষমতার মসনদকেও আঘাত করবে।

সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি মাশুক হেলাল অনিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) জাবি শাখার সাধারণ সম্পাদক মাহাথির মুহম্মদ।

সমাবেশ সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম।

উল্লেখ্য,রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিএসবি পুলিশের একটি দল বুধবার শ্রমিক নেতা মোশরেফা মিশুকে আটক করে। এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক শ্রমিক নেতা ইব্রাহিম, শামিম খান, শাকিল আহম্মেদ, কামরান, মিজান, সৌমিত্র, সুমনকে আটক করা হয়।

এপিএইচ/