ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

লালমনিরহাটলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় জুঁই আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তবে জুঁইয়ের একজন অভিভাবক অভিযোগ করেছেন, একটি চেলে জুঁইকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের নিচে ফেলে দেয়। এ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা।
এ ঘটনা ঘটেছে বুধবার (২৮ ডিসেম্বর)। এদিন পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট সদর স্টেশন থেকে বুড়িমারী স্থলবন্দরগামী দিনাজপুর কমিউটার নামের ট্রেনটি সন্ধ্যায় ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় জুঁই আক্তারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জুঁই আক্তার কালীগঞ্জের মদাতী ইউনিয়নের কাজীপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। জুঁই ভোটমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
জুঁইয়ের চাচা লাভলু মিয়া অভিযোগ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় বাপ্পী নামের এক ছেলে জুঁইকে চলন্ত ট্রেনের নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় মামলার প্রস্তুতি চলছে।’
লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের চাচা লাভলু মিয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

/টিআর/