মাদক ব্যবসায়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে আহত

গাজীপুরগাজীপুরের শ্রীপুর উপজেলার সিংগারদিঘী গ্রামে মাদক বেচাকেনা ও ব্যবহারের প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে আহত করেছে এক মাদক ব্যবসায়ী। এ ঘটনায় শুক্রবার রাতে একই গ্রামের আবুল হোসেনের ছেলে শীতল’কে (৩০) গ্রেফতার ও শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাদক ব্যবসায়ীর হামলায় আহত একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে আফাজ উদ্দিনকে (৩০) ঢাকা উত্তরার মক্কা মদীনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, শীতল এলাকায় প্রকাশ্যে ইয়াবা বেচাকেনা ও সেবন করে আসছিল। এলাকার যুবকেরা প্রায়ই এসবের প্রতিবাদ করত। যারা প্রতিবাদ করত তারেদকে শীতল বিভিন্ন সময় হামলা ও মারপিট করত। শুক্রবার দুপুরে সে প্রতিবাদকারী যুবক আফাজ উদ্দিনকে স্তানীয় সী গাল পার্কের সামনে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে উত্তরার একটি ক্লিনিকে পাঠানো হয়।

আহতের বাবা সুরুজ মিয়া জানান, আফাজ উদ্দিনের মাথা ও বাম হাতে গুরুতর জখম হয়েছে। তার বাম পায়ের রগ-হাড় কেটে গেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, গ্রামবাসীর সহায়তায় শুক্রবার রাতে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শীতলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা রুজুর পর শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শ্রীপুর থানাসহ দেশের কয়েকটি থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

/এমপি/