জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেন (২০ ডাইন) ট্রেনটি সকাল ৮টায় বামনডাঙ্গা রেল স্টেশনে পৌঁছালে বিক্ষুদ্ধ জনতা বিক্ষোভ করে ট্রেনটি আটকে দেয়। ফলে শতশত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা রেল স্টেশনে আটক পড়েছে। ফলে রংপুর-সান্তাহার ও লালমনিরহাট-সান্তাহারসহ উত্তরাঞ্চলের সব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বামনডাঙ্গা স্টেশন মাস্টার মো. হাইউল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ‘হরতালের কারণে বামনডাঙ্গা রেল স্টেশনে সান্তারহারগামী লোকাল ট্রেনটি আটকা পড়েছে। আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের চাপের কারণে সকাল ১১টা পর্যন্ত ট্রেনটি ছেড়ে দেওয়া সম্ভব হয়নি।’
উল্লেখ্য, এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনায় ও হত্যাকারীদের গ্রেফতারসহ ফাঁসির দাবীতে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পৌর মেয়র আবদুল্লাহ আল মামুন রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। সকাল থেকে সুন্দরগঞ্জ পৌর এলাকায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে। হরতাল চলাকালে পৌর এলাকাসহ বামনডাঙ্গার সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
অপরদিকে, এমপি লিটন হত্যার ঘটনায় বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জ উপজেলার সকল দোকান-পাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে।
/এসএনএইচ/