মহেশখালীতে অস্ত্রের কারখানা: ২২ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র কারখানা থেকে উদ্ধার করা অস্ত্রকক্সবাজারের মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানা থেকে দেশীয় তৈরি ২২টি আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় অস্ত্র তৈরির সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত মহেশখালী উপজেলার বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন, বড় মহেশখালী ইউনিয়নের মহিষের ডেইল এলাকার মৃত আজম উল্লাহর পুত্র আবদুল মাবুদ (৪০) ও একই ইউনিয়নের আহমদিয়া কাটা এলাকার কবির আহমদের পুত্র আবু তাহের (৪২)।

উদ্ধার করা ২২টি অস্ত্রের মধ্যে রয়েছে, ১৪টি এক নলা বন্দুক, ৬টি ওয়ান শ্যুটার গান, একটি থ্রি কোয়ার্টার বন্দুক ও ১ টি দেশীয় রাইফেল। এছাড়াও ২২ রাউন্ড গুলি, ড্রিল মেশিন, বন্দুকের পাইপ,প্লায়ার্স, ব্লেড, এয়ার মেশিনসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালীর পাহাড়তলীতে অভিযান চালানো হয়। এসময় অস্ত্রের কারখানা থেকে দুজন মেকানিককে আটক সহ এসব অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয় ।’

তিনি বলেন, ‘এসব অস্ত্র ডাকাত, রোহিঙ্গা ও জলদস্যুদের কাছে বিক্রি করা হতো।এর আগেও আবদুল মাবুদ আটক হয়ে কারাগারে ছিল। সম্প্রতি কারাগার থেকে বেরিয়ে আবারও তিনি একই কাজে লিপ্ত হন। এব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।’

এপিএইচ/