বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

বড়পুকুরিয়া কয়লা খনিজেলা প্রশাসনের মধ্যস্থতায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেন।

জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে শ্রমিকদের বৈঠক করিয়ে তাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ২টা পর্যন্ত দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক এসএমএন আওরঙ্গজেব এবং শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামসহ শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হলে রাত আড়াইটায় কর্মসূচি প্রত্যাহার করেন শ্রমিকরা।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, ‘বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রাতেই খনির ভেতরে অবস্থান করা শ্রমিকদের বের করে আনা হয়েছে।’

উল্লেখ্য, এই কয়লা খনিতে এক হাজার ৪১ জন শ্রমিক অস্থায়ী ভিত্তিতে মাত্র গড়ে ৩শ’ টাকা দিন হাজিরায় কাজ করেন। কিন্তু তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে ১৩শ’ ফুট গভীর থেকে কয়লা উত্তোলন করতে হয়। এতে করে অনেক ক্ষেত্রেই তারা আহত হন। এই স্বল্প বেতনে তাদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। সে কারণে তারা গত ২০১১ সাল থেকে তারা চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছে। গত বছরের ১৪ জানুয়ারি শ্রমিকরা আন্দোলনে নামলে ৭ জানুয়ারির মধ্যে তাদের দাবি মেনে নেওয়া হবে এমন আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু সময়সীমা অতিক্রম করলেও শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা না হওয়ায় গত রবিবার দুপুর থেকে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেন। সোমবার সকাল থেকেই অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন শ্রমিকরা।

/এসএনএইচ/
আরও পড়ুন: 

‘সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য আর পুলিশের অনুমতির অপেক্ষা করা হবে না’
পড়ে আছে অলস টাকা, ঋণ নেওয়ার লোক নেই
নাসিরনগরে হামলা: ৪টি গাড়ি চেয়ে ফোন করেছিলেন চেয়ারম্যান আঁখি!