রাঙামাটিতে সাংবাদিকদের মিলনমেলা

রাঙামাটিতে সাংবাদিক সম্মিলনে সাংবাদিকরা‘ব্যস্ত জীবনের ফাঁকে নিজেদের জন্য একটি দিন’ স্লোগানে পার্বত্য জেলা রাঙামাটির সাংবাদিকরা পালন করেছে সাংবাদিক সম্মিলন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাঙামাটির কাপ্তাই উপজেলার জীবতলী লেকশোর রিসোর্ট ও পিকনিক স্পটে অনুষ্ঠিত হয় এই আয়োজন। রাঙামাটিতে কর্মরত দেড় শতাধিক সংবাদকর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন এই সম্মিলনে।
দিনব্যাপী এই আয়োজনের শুরু হয় রিজার্ভ বাজারের শহীদ মিনার ঘাট থেকে। সেখান থেকে রওনা দিয়ে সংবাদকর্মী ও তাদের পরিবারের সদস্যরা পৌঁছান জীবতলীর রিসোর্টে। সম্মিলনে নারী ও পুরুষদের জন্য ছিল আলাদা আলাদা গেম। আরও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা ফেল ড্র। সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সম্মিলনটি।
সাংবাদিক সম্মিলনে অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ।
রাঙামাটি প্রেসক্লাব, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি, রাঙামাটি সাংবাদিক ফোরাম ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সাংবাদিক সম্মিলন-২০১৭-এর সার্বিক আয়োজনে নেতৃত্ব দিয়েছেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ চার সাংবাদিক সংগঠনের নেতারা।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এই আয়োজন প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাংবাদিকরা পেশাগত ব্যস্ততার মধ্যে থাকেন। এই পেশার ফাঁকে নিজেদের বিনোদন ও পরিবারের সাথে একটি দিন কাটাতেই আমাদের এই উদ্যোগ। আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিতভাবে এই আয়োজনটি করার।’

আরও পড়ুন-

নারায়ণগঞ্জে যুবক খুন

রামপাল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে:নসরুল হামিদ



/টিআর/