নির্বাচন ছাড়া বিএনপির কোনও বিকল্প নেই: নাসিম

নির্বাচন ছাড়া বিএনপির কোনও বিকল্প নেই উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। সেই নির্বাচনে উন্নয়ন ও জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আবারও শেখ হাসিনাই হবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ একা নির্বাচনি মাঠে খেলতে চায় না।

সিরাজগঞ্জের কাজীপুরের চরগিরিশ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রীসিরাজগঞ্জের কাজীপুরের চরগিরিশ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কাজীপুরের রঘুনাথপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ  জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুস সামাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ির সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান, পরিবার পরিকল্পনা অধিদফতরের ভারপ্রাপ্ত  মহাপরিচালক শেখ মো. শামিম ইকবাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা, নুরুল ইসলাম ঠাণ্ডু, মোজাম্মেল হক বকুল, খলিলুর রহমান সিরাজী,  জহুরুল ইসলাম মিন্টু প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন- ‘তৃণমূলের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এবং শেখ হাসিনা সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই যমুনার দুর্গম এই চরে স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এই কেন্দ্র থেকে মা ও শিশুরা একযোগে স্বাস্থ্য সেবা পাবেন ।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কথা বলে দাম বাড়াচ্ছেন। নির্বাচন না করলে ধানের শীষ আর খুঁজে পাওয়া যাবে না। কোনও অজুহাত দেখিয়ে মিথ্যা আন্দোলনের ধুয়া তুলে লাভ নাই। আপনাদের আন্দোলন কী তা জনগণ দেখেছে। আমরা খালি মাঠে গোল দিতে চাই না। ২০১৯ সালের নির্বাচনি মাঠে বিএনপির সঙ্গে মোকাবিলা করে আমরা জয়ী হবো। ’ শেখ হাসিনাকে উন্নয়নের নেত্রী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। ছিটমহল উদ্ধার, পদ্মা সেতু নির্মাণ, বিদ্যুৎ উদপাদনসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।’

/এপিএইচ/