রাজশাহীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে নওদাপাড়ার নগর মাতৃসদন আরবান প্রাইমারি হেলথ কেয়ার থেকে শুক্রবার (২৭ জানুয়ারি) নবজাতক চুরির দায়ে গ্রেফতার হন শাহিন আক্তার শুভ্রা। তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক। শুভ্রার স্বামী রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক আক্তারুজ্জামান। স্বামীর দাবি, পারিবারিক কলহের জেরে তার সঙ্গে থাকতেন না শুভ্রা।
গ্রেফতারের পর শুভ্রাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে গর্ভধারণের পরীক্ষা করা হয়। এই তথ্য জানিয়ে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সকালে রামেক হাসপাতালের ওসিসির ইনচার্জ ডা. আনোয়ারা বেগম এ পরীক্ষা করেন। ওই নারীর গর্ভে এ সন্তান জন্ম নেয়নি বলে পরে চিকিৎসক প্রতিবেদন দেন।’
ইফতেখায়ের আলম আরও বলেন, ‘আমাদের কাছে খবর আছে, তিনি এই বাচ্চা চুরির পরিকল্পনা দীর্ঘদিন ধরে করেছেন। তিনি ইউনিভার্সিটি থেকে মাতৃত্বকালীন ছুটিও নিয়েছিলেন।’
এদিকে, শুভ্রার স্বামী রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক আক্তারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯ জানুয়ারি রাতে শুভ্রা আমাকে ফোন করে জানায় যে ছেলে সন্তান হয়েছে। তবে ঢাকায় প্রশিক্ষণে থাকার কারণে রাজশাহী যেতে পারিনি। শুক্রবার জানতে পারি, নবজাতকসহ শুভ্রাকে পুলিশ ধরে নিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘গত আট মাস ধরে পারিবারিক কলহের কারণে শুভ্রার সঙ্গে আমার যোগাযোগ নেই।’ পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে গত আট মাস ধরে যোগাযোগ না থাকায় শুভ্রা সন্তান সম্ভবা ছিলেন না বলেও মনে করেন তিনি।
শুভ্রার পরিবার সূত্রে জানা গেছে, দুই মাস আগে তিনি গর্ভপাত ঘটান। শুভ্রার ছোট বোন সুরভি বলেন, ‘আপার (শুভ্রা) একটি ছয় বছর বয়সের মেয়ে রয়েছে। অন্তঃসত্তা হওয়ার পর সে জানতে পরে দ্বিতীয় সন্তানও মেয়ে। এরপর সে গর্ভপাত ঘটায়। তবে গর্ভপাত ঘটানোর পর থেকে সে সন্তানের জন্য উদ্বিগ্ন ছিল।’
তবে শুভ্রা যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক আমিনুল ইসলাম বলেন, ‘শুভ্রা প্রায় দেড় বছর ধরে আমার বাসায় ভাড়া থাকেন। তিনি গর্ভবতী ছিলেন বলে জানিয়েছিলেন। গত ১৯ বা ২০ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার একটি ছেলে সন্তান হয় বলেও আমাদের জানান। নবজাতকের জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন হয়, তার সবই তিনি করেছিলেন। নবজাতকের জন্য কাঁথা, জামা-কাপড়ও তৈরি করেছিলেন বলে আমার স্ত্রী আমাকে জানিয়েছিলেন।’
শনিবার (২৮ জানুয়ারি) ওই নবজাতককে তার মায়ের জিম্মায় পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে শুভ্রাকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। ইফতেখায়ের আলম জানান, শুভ্রার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ রবিবার (২৯ জানুয়ারি) এই রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিকে, শুভ্রার কর্মস্থল নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ দফতর পরিচালক এম এ কাইউম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শুভ্রাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ছয় সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি বিকেল তিনটার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত নগর মাতৃ সদন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে একটি ছেলে সন্তান জন্ম দেন মতিহার থানার চরশ্যামপুর এলাকার দিনমজুর নাসির উদ্দিনের স্ত্রী মুক্তি খাতুন। ওইদিন রাত সাড়ে নয়টার দিকে এক নারী খালা পরিচয়ে মুক্তির নবজাতকটিকে কৌশলে চুরি করে নিয়ে যান। পুলিশ এ ঘটনায় এর আগে তোহুরা খাতুন নামের এক নারীকে গ্রেফতার করে।
আরও পড়ুন-
রাজশাহীতে চুরি হওয়া নবজাতক উদ্ধার, চিকিৎসকের স্ত্রী আটক
রাজশাহীতে ক্লিনিকে নবজাতক চুরির অভিযোগ
/টিআর/এফএস/