পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটঘরিয়া থানার দুই এসআইকে গুলি করার মামলার পলাতক আসামিরা উপজেলার একদন্ত ইউনিয়নের সুতির বিল ছোট ব্রিজ এলাকা দিয়ে যাবে— এমন তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় পুলিশের একটি টহল দল। রাত ৩টার দিকে সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করতে শুরু করে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি করে।’
গৌতম কুমার সরকার জানান, বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শরীফ নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি শাটারগান, তিন রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একটি রাম দা ও একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুস, রেজাউল করিম, নান্নু হোসেন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি সকাল ১১টার দিকে আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের সন্ত্রাসীদের গুলিতে আহত হন আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ও তোফাজ্জল হোসেন। এ ঘটনায় আলাদা দু’টি মামলা দায়ের করে পুলিশ।
আরও পড়ুন-
/টিআর/