সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াইয়ে ঢাকাগামী এনা পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১১টায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী সৈয়দ পারভেজ আহমদ দক্ষিণসুরমাস্থ ডালিমপুর দাউদপুর গ্রামের সৈয়দ লিয়াকত আলীর ছেলে। এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় বাসসহ বিভিন্ন ধরণের যানবাহন ভাঙচুর করে এবং দায়িত্বরত পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে প্রায় ১৫জন আহত হয়েছে।
পুলিশ জানায়, নিহত সৈয়দ পারভেজ আহমদ দক্ষিণ সুরমা থেকে (সিলেট হ ১৩-৯০২৭) মোটরসাইকেলে করে শহরের দিকে আসেছিলেন। এসময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া করেও বাসটি আটকাতে পারেনি।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, এঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে, গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় তারা বিভিন্ন ধরণের যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৪৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন দাস জানান, এসময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এনা পরিবহণের বাস নাম্বার সংগ্রহ করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়তে : মন্দিরে ভক্ত সেজে গয়না চুরির অভিযোগে ১২ নারী আটক
/জেবি/