বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি বন্ধ

 বেনাপোল স্থলবন্দর

ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী সংগঠনের ডাকা ধমর্ঘটের কারণে বেনাপোল স্থলবন্দরের আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। শনিবার সকালে এ ধমর্ঘট ডাকা হয়। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো সুপার আব্দুস সামাদ জানান, কর্তৃপক্ষের কাছ থেকে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীদের রফতানি পণ্যের চালান আগে থেকে বেনাপোল বন্দরে ঢোকানোর নির্দেশ আসে। ছোট ব্যবসায়ীরা এ আদেশের প্রতিবাদ জানিয়ে আমদানি বাণিজ্য বন্ধ করে দেয়। এ কারণে সকাল থেকে কোনও পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি বলে তিনি জানান।

বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, দাবি আদায়ে যে কোনও কর্মসূচি ব্যবসায়ীরা ডাকতে পারেন। কিন্তু বিষয়টি যদি তারা আগে থেকে আমাদের জানাতেন তাহলে আমদানি স্থগিত করা হতো। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতি কম হতো। আমদানি বাণিজ্য বন্ধ থাকায় ভারতের রাস্তায় ঢোকার অপেক্ষায় আটকা রয়েছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক। এর মধ্যে মেশিনারি, গার্মেন্টস সামগ্রীর কাঁচামালের পাশাপাশি মাছ, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্যও রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান না করলে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, সপ্তাহে শুক্রবার ছাড়া অন্যান্য সব দিন বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে দুপুর ১০টায় রফতানি বাণিজ্য ও সকাল ৮টায় আমদানি বাণিজ্য শুরু হয়। বাণিজ্য শেষ হয় সন্ধ্যা ৭টায়। এছাড়া প্রতিবছর এ বন্দর থেকে সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে থাকেন।

আরও পড়তে পারেন : সুশাসনের অভাবেই দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে: এরশাদ

/জেবি/