গাইবান্ধা থেকে নিখোঁজ ৩ শিক্ষার্থী কক্সবাজারে উদ্ধার

নিখোঁজগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের চারদিন পর তিন স্কুলছাত্রকে কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলা ৫নং পালংখালি ইউনিয়ন থেকে তাদের উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানা ও   উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া তিন স্কুলছাত্র হলো- সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিমুল মিয়া (১৪) একই গ্রামের আব্দুল মাজেদের ছেলে শামিম মিয়া (১৩) ও দেওডোবা গ্রামের নুরু মিয়ার ছেলে অন্তর মিয়া (১৪)। তারা সকলে জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্র।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বিকালে রংপুর জেলার পীরগাছা উপজেলার চৌধুরানী বাজার এলাকায় তিন ছাত্র বই কিনতে গিয়ে নিখোঁজ হন। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, তিনছাত্র নিখোঁজের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় তাদের পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে একটি মোবাইল ফোন থেকে নিখোঁজদের পরিবারের কাছে আশরাফুল ও মোস্তা নামে দুই ব্যক্তি বিকাশ মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে বিকাশ নম্বরের সুত্র ধরে তাদের অবস্থান দেখে কক্সবাজারের উখিয়া থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসুল বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া তিনছাত্র থানা হাজতে রয়েছে। তাদের সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে উদ্ধার হওয়া তিনছাত্র পুলিশের কাছে জানায়, তারা নিখোঁজ হয়নি এবং তাদের কেউ অপহরণও করেনি। মূলত বেড়ানোর জন্য তারা কক্সবাজারে এসেছে।

/এমও/এমএনএইচ/