বাগেরহাটে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে ৭৩ জন প্রাথমিকভাবে নির্বাচিত

বাগেরহাটবাগেরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে ৩৬৯ জন আবেদনকারীর মধ্যে ৭৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের শেষ দিনে যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম জানান, সদর উপজেলায় গত পাঁচ দিন ধরে জমা হওয়া ৩৬৯টি আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। প্রথম দিন ২১ জন, দ্বিতীয় দিন ৪০ জন, তৃতীয় দিন ৩৬ জন, চতুর্থ দিন ৪৬ জন ও পঞ্চম দিন ৪৬ জন আবেদনকারী স্বাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হয়েছেন। বাকি ১৮০ জন প্রার্থী সাক্ষাৎকারের জন্য হাজির হননি। এর মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে ৭৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সাত সদস্যের যাচাই-বাছাই কমিটির সভায় এদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নজরুল ইসলাম বলেন, ‘২৭ ফেব্রুয়ারি অভিযোগ শুনানির দিন। আমরা ১৪ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এদিন এসব অভিযোগের শুনানি হবে। এছাড়া ৯৮ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাকে স্বাক্ষাৎকার দিতে বলা হয়েছে।’
বাগেরহাটের ইউএনও বলেন, ‘বাগেরহাট সদর উপজেলায় বর্তমানে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন ৭৯০ জন। এদের মধ্যে ভাতার জন্য আবেদন করেছেন ৬৬৭ জন। বাকিরা ভাতার জন্য আবেদন করেননি।
আরও পড়ুন-

বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পেলে গ্রেফতার: আইজিপি

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

/টিআর/