বরিশালে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালবরিশালের গৌরনদী উপজেলার পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষক সাইদুল হক সরদারকে দণ্ডবিধির দু’টি ধারায় যাবজ্জীবনসহ পৃথক দণ্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আসামি সাইদুল হক সরদার গৌরনদী উপজেলার উত্তর গেরাকুল এলাকার মৃত আব্দুর রহমান সরদারের ছেলে।
আদালতের রায়ে সাইদুলকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছর কারাদণ্ড এবং অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০০৭ সালের ১৭ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে সাইদুল। এরপর বিভিন্ন স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করে সে।
এ ঘটনার তিন দিন পর ২১ জুলাই সাইদুলকে একমাত্র আসামি করে বাদী হয়ে মামলা দায়ের করেন অপহরণ ও ধর্ষণের শিকার ওই ছাত্রীর চাচা শহিদুল ইসলাম। একই বছরের ১৫ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী বিধান আবিদ সাইদুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ট্রাইব্যুনালে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ দু’টি প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক সাইদুলের বিরুদ্ধে যাবজ্জীবনসহ অন্য দণ্ডাদেশ দেন।

আরও পড়ুন-

শিক্ষককে বিবস্ত্র করে নির্যাতন, প্রধান আসামি গ্রেফতার

ভোলায় পুলিশ ও ব্যবসায়ীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩০

/টিআর/